হযরত আবু জাহম (রাযিঃ) বলেন, ইয়ারমুকের যুদ্ধে আমার চাচাত ভাইয়ের সন্ধানে বাহির হইলাম এবং এই মনে করিয়া এক মশক পানিও সঙ্গে লইলাম যে, যদি তাঁহার জীবনের শেষ নিঃশ্বাসও বাকী থাকে, তবে তাঁহাকে পানি পান করাইব এবং হাত-মুখ ধােয়াইয়া দিব। হঠাৎ দেখিতে পাইলাম তিনি পড়িয়া রহিয়াছেন। আমি তাঁহাকে পানির কথা জিজ্ঞাসা করিলে তিনি ইশারায় পানি চাহিলেন। এমন সময় সামনের দিক হইতে আরেকজন আহত ব্যক্তি আহ করিয়া উঠিলেন। তখন আমার চাচাত ভাই নিজে পানি পান না করিয়া সেই ব্যক্তিকে পানি পান করাইতে ইশারা করিলেন। তাহার নিকট গিয়া জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম তিনিও পিপাসার্ত এবং পানি চাহিতেছেন। এমন সময় তাহার পার্শ্বের আরেক ব্যক্তি ইশারায় পানি চাহিলেন। তখন দ্বিতীয় ব্যক্তিও পানি পান না করিয়া ঐ (তৃতীয়) ব্যক্তির নিকট যাইতে ইশারা করিলেন। আমি এই শেষ ব্যক্তির নিকট পৌছিয়াই দেখিতে পাইলাম তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। ফিরিয়া দ্বিতীয় ব্যক্তির নিকট আসিলাম। দেখিলাম তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। অতঃপর ফিরিয়া চাচাত ভাইয়ের নিকট পৌছিলাম। এইখানেও আসিয়া দেখিতে পাইলাম, তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। এই ছিল আমাদের পূর্বপুরুষদের স্বার্থত্যাগ ও অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়ার নমুনা। নিজেরা পিপাসায় কাতর হইয়া জীবন দিয়া দিলেন ; তবু অপরিচিত ভাইয়ের আগে পানি পান করা পছন্দ করিলেন না। আল্লাহ তাঁহাদের উপর রাজী হইয়া যান, তাঁহাদেরকে খুশী করুন এবং আমাদেরকে তাহাদের অনুসরণ করার তাওফীক দান করুন, আমীন।
উৎসঃ ফাযায়েলে রমযান | পৃষ্ঠা-১৬

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন